কলকাতা পুরভোটের দামামা বাজার আগেই শহরের নাগরিক পরিষেবা নিয়ে বড়সড় চ্যালেঞ্জ নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কাজ দ্রুত গতিতে শেষ করার নির্দেশ দিলেন তিনি। পুরসভা সূত্রে খবর, শহরজুড়ে এই প্রকল্পের অধীনে হওয়া মোট কাজের এখনও পর্যন্ত মাত্র ৪০ শতাংশ শেষ হয়েছে। অর্থাৎ প্রকল্পের সিংহভাগ অর্থাৎ ৬০ শতাংশ কাজই এখনও বকেয়া পড়ে রয়েছে। আর এই বাকি কাজ আগামী এক মাসের মধ্যে অর্থাৎ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই শেষ করার কড়া আশ্বাস দিয়েছেন মেয়র।
রবিবার কলকাতা পুরসভায় এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ফিরহাদ হাকিম জানান, “মানুষের ছোটখাটো সমস্যাগুলো স্থানীয় স্তরেই সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। আমরা দেখেছি কোথাও নিকাশির সমস্যা, কোথাও পানীয় জলের পাইপলাইনের গোলযোগ আবার কোথাও রাস্তার ছোট মেরামতি— এই সব কাজই এই প্রকল্পের আওতায় রয়েছে। ৪০ শতাংশ কাজ সফলভাবে হয়েছে, বাকি ৬০ শতাংশ কাজও যুদ্ধের তৎপরতায় শেষ করা হবে।” মেয়রের এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীরা যখন উন্নয়নের গতি নিয়ে প্রশ্ন তুলছেন, ঠিক তখনই এই ‘এক মাসের ডেডলাইন’ দিয়ে পাল্টা চাল দিলেন ফিরহাদ।
পুরসভা সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই প্রশাসনিক জটিলতা বা টেন্ডার প্রক্রিয়ার কারণে কাজ শুরু হতে দেরি হয়েছিল। তবে এবার আর কোনো অজুহাত শুনতে নারাজ পুর প্রশাসন। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং ইঞ্জিনিয়ারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে এলাকার মানুষের থেকে পাওয়া অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখে কাজ শেষ করা হয়। ফিরহাদ হাকিমের এই আশ্বাস যদি বাস্তবায়িত হয়, তবে কলকাতার অলিগলিতে জমে থাকা বহু পুরনো সমস্যার সমাধান হবে খুব অল্প সময়েই। এখন দেখার, এক মাসের এই কঠিন চ্যালেঞ্জ পার করে পুরসভা কতটা ‘সমাধান’ দিতে পারে শহরবাসীকে।