ভারতীয় রেল প্রতিদিন প্রায় আড়াই কোটি যাত্রীর যাতায়াতের মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ধীরগতি এবং দালালের দৌরাত্ম্য নিয়ে যাত্রীদের ক্ষোভ ছিল। সেই সমস্যা মেটাতে এবার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে আমূল সংস্কার আনছে রেলমন্ত্রক। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, নতুন এই ব্যবস্থা চালু হলে বর্তমানের তুলনায় ৫ গুণ দ্রুত টিকিট বুক করা যাবে।
বর্তমানে প্রতি মিনিটে ২৫,০০০ টিকিট বুক করা যায়, নতুন সিস্টেমে সেই ক্ষমতা বাড়িয়ে প্রতি মিনিটে ১,২৫,০০০ করা হচ্ছে। ফলে উৎসবের মরসুমে বা তৎকাল টিকিট বুকিংয়ের সময় আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইট হ্যাং হওয়ার সমস্যা আর থাকবে না। আগামী মাস থেকেই এই নতুন ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে পারে এবং জুনের মধ্যে এটি দেশজুড়ে পুরোপুরি চালু হয়ে যাবে।
রেলের এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য হলো টিকিটে জালিয়াতি ও দুর্নীতি বন্ধ করা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি এই সফটওয়্যারের ফাঁক খুঁজে বের করা দালালের পক্ষে প্রায় অসম্ভব হবে। পাশাপাশি, রেলের লক্ষ্য হলো ‘ওয়েটিং লিস্ট’ প্রথা পুরোপুরি তুলে দিয়ে প্রত্যেক যাত্রীকে কনফার্মড টিকিট দেওয়া। একাধিক ভাষার ইন্টারফেস থাকায় দেশের সব প্রান্তের মানুষের জন্য অনলাইনে টিকিট কাটা আরও সহজ হয়ে উঠবে।