গল্পটা হার না মানা জেদের। জিম্বাবোয়ের এক প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক দীর্ঘকায় তরুণের স্বপ্নপূরণের গল্প। ব্লেসিং মুজারাবানি— যাঁর শৈশব কেটেছে চরম দারিদ্র্যে, এক সিঙ্গল মাদারের কঠিন লড়াইয়ের ছায়ায়। সেই ছেলেই এবার আইপিএলের মঞ্চ কাঁপাতে যোগ দিচ্ছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে (KKR)।
মুজারাবানির উঠে আসা মোটেও সহজ ছিল না। নুন আনতে পান্তা ফুরানো সংসারে ক্রিকেট ছিল এক বিলাসিতা। কিন্তু তাঁর অদম্য গতি এবং বাউন্স নির্বাচকদের নজর কেড়ে নেয়। জিম্বাবোয়ের জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় লিগে ডাক পেলেন তিনি। কেকেআর শিবিরের হয়ে ইডেনের পিচে গতির ঝড় তুলতে প্রস্তুত এই ডানহাতি পেসার। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, মিচেল স্টার্কের পাশাপাশি মুজারাবানি হতে পারেন নাইটেদের তুরুপের তাস। দারিদ্র্য জয় করে কোটিপতি লিগে তাঁর এই এন্ট্রি লক্ষ লক্ষ তরুণ ক্রিকেটারের কাছে এক অনুপ্রেরণা।