রূপোলি পর্দার ‘লাপতা লেডিজ’ ছবিটিকেও হার মানাল বাস্তবের এই ঘটনা। সিনেমার গল্পে ট্রেন থেকে বউ নিখোঁজ হয়েছিল, আর এখানে বাসস্ট্যান্ডে পকোড়া কেনাই কাল হল বরের! মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জনবহুল বাসস্ট্যান্ড থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন এক নববধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি জনসমক্ষে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনাটি ঠিক কী? প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, নবদম্পতি বাড়ি ফিরছিলেন। পথে একটি বাসস্ট্যান্ডে বাস দাঁড়ালে খিদে মেটাতে বাস থেকে নামেন স্বামী। বউকে বাসের সিটেই বসে থাকতে বলে তিনি কাছেই একটি দোকানে গরম পকোড়া কিনতে যান। পকোড়া নিয়ে মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে বাসে ফিরে এসে দেখেন, যেখানে তাঁর স্ত্রী বসেছিলেন, সেই জায়গাটি খালি!
রহস্যের জাল: প্রথমটায় স্বামী ভেবেছিলেন স্ত্রী হয়তো শৌচালয়ে গিয়েছেন বা আশেপাশে কোথাও আছেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর হদিশ মেলেনি। এমনকি স্ত্রীর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ বদলে যায় আতঙ্কে। বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কেউ তাঁকে জোর করে তুলে নিয়ে গেল, নাকি তিনি নিজেই অন্য কোথাও চলে গিয়েছেন—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিখোঁজ গৃহবধূর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরনে বিয়ের লাল শাড়ি, হাতে মেহেন্দি—এমন অবস্থায় এক নববধূ কীভাবে সবার চোখের সামনে থেকে বেমালুম গায়েব হয়ে গেলেন, তা নিয়ে রীতিমতো ধন্দে পুলিশ। বাস্তবের এই ‘লাপতা লেডিজ’ রহস্যের জট কবে খোলে, এখন সেটাই দেখার।