কাঁকুলিয়া গুলি-বোমা কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’কে নিয়ে তৈরি হলো চরম বিতর্ক। পুলিশি খাতায় তিনি এখনো নিখোঁজ এবং পলাতক, অথচ আগামী ১৮ মার্চ তাঁর সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টি এবং ২১ মার্চের ইদ উৎসবের নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে শাসকদলের তাবড় নেতা-মন্ত্রীদের কাছে। এই তালিকায় নাম রয়েছে মেয়রের থেকে শুরু করে স্থানীয় সাংসদ ও মন্ত্রীদের।
আশ্চর্যের বিষয় হলো, কসবা থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, খোদ সোনা পাপ্পুই ফোনে নির্দেশ দিয়ে এই ইফতার পার্টির পরিকল্পনা করেছেন এবং অনুষ্ঠানটির প্রচারের জন্য একটি ভিডিও-ও তৈরি করিয়েছেন। কাঁকুলিয়া ঘটনায় অস্ত্র আইন ও গণ্ডগোল পাকানোর অভিযোগে ২৩ জন গ্রেপ্তার হলেও ১৭ জন ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। এখন খোদ মূল অভিযুক্তের এমন প্রকাশ্য উপস্থিতি এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান আয়োজনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পুলিশের ‘নিখোঁজ’ তালিকায় থাকা সত্ত্বেও কীভাবে তিনি এলাকায় এত বড় অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে অস্বস্তির পারদ ক্রমশ চড়ছে।