মাঠের লড়াই শেষ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতীয় ফুটবলের প্রতিশ্রুতিমান ডিফেন্ডার রবিন্দর সিং। মাত্র ২৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নামধারি এফসি-র এই নির্ভরযোগ্য রক্ষণভাগের খেলোয়াড়। বুধবার পাঞ্জাবের একটি স্থানীয় লিগে ম্যাচ চলাকালীন হঠাতই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভারতীয় ফুটবল লিগের অন্যতম পরিচিত নাম রবিন্দর। মাঠের লড়াইয়ের পাশাপাশি তিনি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রও ছিলেন। অকাল এই প্রয়াণে স্তম্ভিত গোটা ক্রীড়ামহল। বেঙ্গালুরু এফসি ও গোকুলাম কেরালা এফসি-র মতো বড় ক্লাবগুলো তাদের সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করে। নামধারি স্পোর্টস অ্যাকাডেমির পক্ষ থেকে দলের ফুটবলার ও কোচিং স্টাফরা রবিন্দরের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন। এই প্রতিভাবান ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল পরিবারে।