সেবক-রংপো রেল প্রকল্পে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার টানা পাঁচ বছরের কঠোর পরিশ্রমে ৪.১ কিলোমিটার দীর্ঘ ৮ নম্বর টানেলের ব্রেক থ্রু সম্পন্ন হয়েছে। নরম মাটির কারণে যেখানে বিস্ফোরক ব্যবহার করা সম্ভব ছিল না, সেখানে আধুনিক প্রযুক্তি ও নিরলস খননকার্যের মাধ্যমে এই সাফল্য এসেছে।
ইরকনের উপদেষ্টা মহিন্দর সিংয়ের উপস্থিতিতে টানেলের দুই প্রান্ত পি১ ও পি২ যুক্ত হতেই ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। ২০২০ সালে শুরু হওয়া এই চ্যালেঞ্জিং কাজে চিফ ডিজাইনার আরমান্দো ক্যাপেলানের নেতৃত্বে প্রায় ৬০০ কর্মী দিনরাত পরিশ্রম করেছেন। রেল কর্তৃপক্ষের লক্ষ্য, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্প শেষ করে তা সরকারের হাতে তুলে দেওয়া।
৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগের নতুন লাইফলাইন হতে চলেছে। ১০ নম্বর জাতীয় সড়কে ধসের সমস্যা কাটিয়ে সীমান্ত নিরাপত্তায় এই রেল প্রকল্প কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল সূত্রে জানা গেছে, প্রকল্পের মোট ৪৫ কিলোমিটারের মধ্যে ৩৮ কিলোমিটারই টানেলের ভেতর দিয়ে যাবে। ১৪টির মধ্যে ১৩টি টানেলের ব্রেক থ্রু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রেলপথটি চালু হলে পর্যটন ও বাণিজ্যের পাশাপাশি সিকিম ও উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই রুট গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।