মধ্য কলকাতার অফিসপাড়ার পেটপুজোর ‘ওয়ান স্টপ ডেস্টিনেশন’ ডেকার্স লেন এখন কার্যত রণক্ষেত্র। তবে যুদ্ধের দামামা এখানে বাজছে রান্নার গ্যাসের জোগানে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রাজ্যজুড়ে চলা এলপিজি (LPG) সংকটে এখন অস্তিত্বের সংকটে পড়েছে চিত্তবাবুর দোকান থেকে অরুণদার ‘জয় মা কালী’। বাণিজ্যিক গ্যাসের জোগান তলানিতে ঠেকায় বাধ্য হয়ে কয়লার উনুনে ফিরছেন স্ট্রিট ভেন্ডাররা।
ব্যবসায়ীদের দাবি, কালোবাজারে একটি সিলিন্ডারের দাম ৩ হাজার টাকা ছাড়িয়ে গেলেও তা অমিল। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, অনেক দোকানে ময়দা মাখা অবস্থায় পড়ে থাকলেও গ্যাস না থাকায় রান্না শেষ করা যাচ্ছে না। যেখানে প্রতিদিন ২৫-৩০ রকমের পদ রান্না হতো, সেখানে এখন মাত্র ১০-১২টি আইটেমেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভোজনরসিকদের। জোগানে টান পড়ায় এবং খরচ বাড়ায় খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন যে দোকানগুলিতে ২-৩টি করে সিলিন্ডার লাগত, সেখানে এখন একবার রান্না করাই দায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে কাল থেকেই ডেকার্স লেনের অনেক জনপ্রিয় বিপণির ঝাঁপ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু কলকাতা নয়, জেলা শহরগুলোর হোটেলেও এখন একই হাহাকার।