রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন রান্নার গ্যাসের (LPG) জোগান নিয়ে উদ্বেগের কালো মেঘ, ঠিক তখনই জলপাইগুড়িবাসীর জন্য স্বস্তির খবর শোনাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)। বৃহস্পতিবার জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) দফতরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর আধিকারিকরা সাফ জানিয়েছেন, জেলায় গ্যাসের কোনো সমস্যা নেই। মজুত ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক।
এদিনের বৈঠকে অতিরিক্ত জেলাশাসক জেলার বর্তমান গ্যাস পরিস্থিতি খতিয়ে দেখেন। সেখানে ইন্ডিয়ান অয়েলের উচ্চপদস্থ কর্তারা তথ্য দিয়ে জানান যে, জলপাইগুড়িতে চাহিদার তুলনায় জোগানে কোনো ঘাটতি নেই। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়ানো গ্যাস সঙ্কটের গুজব শুনে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আগাম বুকিং (Panic Booking) শুরু করেছিলেন, যার ফলে ডিলারদের ওপর সাময়িক চাপ তৈরি হয়েছিল। আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন, বুকিং করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলিন্ডার পৌঁছে যাবে গ্রাহকদের দুয়ারে।
বৈঠক শেষে প্রশাসন ও আইওসিএল-এর পক্ষ থেকে যৌথভাবে জানানো হয়েছে, কৃত্রিম সঙ্কট তৈরি করে কেউ যদি কালোবাজারি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিলারদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা নিয়মিত মজুত ও সরবরাহের তথ্য প্রশাসনকে প্রদান করেন। গুজব এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। জলপাইগুড়িতে এই আশ্বাসের পর আপাতত আতঙ্ক অনেকটাই কেটেছে বলে মনে করা হচ্ছে।