একবিংশ শতাব্দীর ভারতে গ্রামের ছবিটা দ্রুত বদলেছে। সন্ধ্যা নামলেই প্রদীপ বা লণ্ঠনের সেই মিটিমিটি আলোর অন্ধকার এখন ইতিহাস। ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ, ছাদে বসেছে সোলার প্যানেল। স্মার্টফোনের দাপাদাপির সঙ্গেই গ্রামীণ হেঁশেল থেকে বিদায় নিয়েছে কাঠের উনুন, জায়গা করে নিয়েছে আধুনিক গ্যাস ওভেন। কিন্তু এই আধুনিকায়নের মাঝেই রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে এক কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। এবার থেকে রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না।
কিন্তু কেন এই কঠোর সিদ্ধান্ত? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত জ্বালানির অপচয় রোধ করতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন জোগান সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। দেখা যাচ্ছে, বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে দ্রুত বুকিং (Panic Booking) করছেন, যার ফলে সরবরাহ ব্যবস্থার ওপর প্রবল চাপ পড়ছে। এই কৃত্রিম চাহিদা রুখতেই একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডার বুকিংয়ের মাঝে এই নির্দিষ্ট সময়ের ব্যবধান বা ‘কোলিং পিরিয়ড’ বাধ্যতামূলক করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলি বিশেষ সমস্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যাদের বাড়িতে বড় পরিবার বা যারা একটি সিলিন্ডারেই পুরো মাস চালায়, তাদের জন্য ২৫ বা ৪৫ দিনের এই সময়সীমা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তবে সরকারের দাবি, রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা। উনুন থেকে ওভেনে উত্তরণের যে জয়যাত্রা গ্রামীণ ভারতে শুরু হয়েছে, তা যাতে জ্বালানির অভাবে থমকে না যায়, সেই লক্ষ্যেই এই নতুন বণ্টন নীতি কার্যকর করা হচ্ছে।