বাড়ির গ্যাসের খরচ নিয়ে দুশ্চিন্তা? হয়তো এর কারণ আপনার চুলা বা বার্নার। দীর্ঘদিনের জমে থাকা ময়লা, ঝোল বা পোড়া দাগের কারণে বার্নারের ছিদ্র বন্ধ হয়ে যায়, ফলে গ্যাসের অপচয় হয় এবং রান্নার সময়ও বেশি লাগে। সঠিক কৌশলে বার্নার পরিষ্কার রাখলে একদিকে যেমন গ্যাসের সাশ্রয় হবে, তেমনি চুলাও দীর্ঘস্থায়ী হবে।
প্রথমে চুলা থেকে বার্নারগুলো খুলে নিন। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ডিশ ওয়াশিং লিকুইড এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর বার্নারগুলো এই মিশ্রণে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জেদি ময়লা নরম হয়ে যাবে। এরপর একটি পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ছিদ্রগুলো পরিষ্কার করুন। ছিদ্রের ভেতরে ময়লা আটকে থাকলে সরু তার বা সেফটি পিন দিয়ে আলতো করে পরিষ্কার করুন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
মনে রাখবেন, ভেজা বার্নার কখনোই চুলায় বসাবেন না। ভালো করে মুছে বা রোদে শুকিয়ে তবেই ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতিতে পরিষ্কার করলে রান্নার খরচ কমবে এবং চুলার আগুনের শিখাও নীল থাকবে। মনে রাখবেন, আগুনের শিখা নীল হওয়া মানেই গ্যাস সাশ্রয় হচ্ছে।