২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হলো এফআইআর। বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর অভিযোগ, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জনসমক্ষে যে বক্তব্য রেখেছেন, তা সরাসরি সাম্প্রদায়িক উস্কানি।
বিতর্কের সূত্রপাত:
রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে ধর্মতলায় ৫ দিনের ধরনা কর্মসূচি পালন করছিল তৃণমূল। ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “আমাদের সরকার আছে বলেই আপনারা সবাই ভাল আছেন। যদি আমরা না থাকি, এক সেকেন্ড লাগবে… একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে একদম ১২ টা বাজিয়ে দেবে।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিরোধীদের একাংশ এবং নেটিজেনদের বড় অংশ এই বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’, ‘অনভিপ্রেত’ এবং ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ বলে তীব্র সমালোচনা করেছেন।
ভিএইচপি-র আইনি পদক্ষেপ:
এই মন্তব্যের প্রতিবাদে বীরভূমের রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে যান বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় কুমার সরকার। সংগঠনের অভিযোগ, স্থানীয় পুলিশ সরাসরি এফআইআর নিতে অস্বীকার করলে, তারা ই-মেইলের মাধ্যমে অভিযোগপত্রটি জমা দেন। অমিয়বাবুর দাবি, রাজ্যের সাংবিধানিক পদে বসে এহেন মন্তব্য আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এবং এর ফলে রাজ্যে দাঙ্গার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।
ভোটের মুখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই এফআইআর-এর ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে অস্থিরতা বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।