ইরাকের জলসীমায় ইরানি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৮.২% বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। দুই তেল ট্যাঙ্কারে হামলার জেরে ইরাক তাদের সমস্ত তেল টার্মিনালে কার্যক্রম স্থগিত করায় বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) ও বিশ্বের উন্নত দেশগুলি তেলের দাম নিয়ন্ত্রণে কৌশলগত মজুদ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে ইরাকি ট্যাঙ্কারে হামলা চালিয়ে বার্তা দিয়েছে, তেলের দাম কমানোর চেষ্টা করলে সরবরাহ ব্যাহত করা হবে। এমনকি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বাধা দেওয়ার হুমকি দিয়ে ইরান সতর্ক করেছে, পরিস্থিতি জটিল হলে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।
ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভারত তার মোট চাহিদার প্রায় ৮০-৮৫% মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, যার ২০% আসে ইরাক থেকে। ইরাকের বন্দর কার্যক্রম স্থগিত হওয়ায় ভারতে তেল সংকট ও মূল্যবৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। আজ সেনসেক্স ৯০০ পয়েন্টেরও বেশি পড়েছে এবং নিফটিতেও বড় পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আগামী দিনে ভারতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।