পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৬ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন। বাংলার পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির নির্বাচনের দিনও একই সঙ্গে ঘোষণা করা হবে। রাজ্যে এবারের ভোট ১ থেকে ৩ দফায় সম্পন্ন করার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দাবি মেনে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর।
এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রথম দফার ভোট শুরুর সম্ভাবনা থাকলেও, বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে, ভোটের আগে দ্রুততার সঙ্গে বিচারাধীনদের নাম তালিকার নিষ্পত্তি করতে হবে। যদিও এ নিয়ে তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীর দায়ের করা পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, তবুও আদালত ও নির্বাচন কমিশন ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সুযোগ রেখেছে। বর্তমানে ৫০০ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন এবং সোমবার পর্যন্ত ১০ লক্ষের বেশি ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলার প্রশাসনিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে। এখন দেখার বিষয়, ভোটের ডঙ্কা বাজার আগেই বাকি বিচারাধীন ভোটারদের ভাগ্য নির্ধারিত হয় কি না।