সৌজন্যের নজির! শপথগ্রহণে বিমান বসুকে টেনে সামনের সারিতে বসালেন মমতা

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আরএন রবির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল লোকভবন। তবে অনুষ্ঠানের গাম্ভীর্যের মাঝেও সব আলো কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মানবিক সৌজন্যবোধ। অনুষ্ঠানের শুরুতেই প্রবীণ বাম নেতা বিমান বসুকে তৃতীয় সারিতে বসে থাকতে দেখে মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গিয়ে তাকে সামনের সারিতে নিয়ে আসেন।

সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নবনিযুক্ত রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসুকে। কোনো দ্বিধা না করে তিনি বিমান বসুর কাছে গিয়ে বলেন, “বিমান দা পিছনে কেন? আপনি সামনে আসুন।” এরপর নিজে হাতে চেয়ার এগিয়ে দিয়ে তাঁকে সামনের সারিতে নিয়ে এসে বসান মমতা।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার জনসমক্ষে বিমান বসুর সঙ্গে মমতার এই সৌজন্যমূলক আচরণ নজর কেড়েছে। রাজনীতিতে আদর্শগত দূরত্ব থাকলেও, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই দুই নেতার সৌজন্যের নজিরকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। শপথ অনুষ্ঠানে রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গেও মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আরএন রবি বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছান এবং আজ বৃহস্পতিবার রাজভবন তথা লোকভবনে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy