বড় ধাক্কা ফুটবলে! বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল ইরান, নেপথ্যে পশ্চিম এশিয়ার ভয়াবহ যুদ্ধ

পশ্চিম এশিয়ার চলমান সামরিক সংঘাতের জেরে ক্রীড়াজগতে বড়সড় প্রভাব পড়ল। ১২ জুন থেকে শুরু হতে চলা আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নিল ইরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-মার্কিন সামরিক সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-সহ বহু শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও উত্তেজনা ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি এক সংবাদমাধ্যমে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় আগ্রাসনে আমাদের নেতা নিহত হয়েছেন এবং আমাদের দেশের সাধারণ মানুষ ও শিশুরা সুরক্ষিত নয়। এমন অবস্থায় বিশ্বকাপে অংশগ্রহণ আমাদের পক্ষে অসম্ভব।”

সূচি অনুযায়ী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইরানের প্রথম ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু সরকারি ঘোষণার পর সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইরানকে স্বাগত জানিয়েছিলেন, তবুও তেহরান তাদের সিদ্ধান্তে অটল। এখন ফিফা এই পরিস্থিতির মোকাবিলায় কী পদক্ষেপ নেয় এবং ইরানের পরিবর্তে কোন দেশ বিশ্বকাপে জায়গা করে নেয়—সেটাই দেখার বিষয়। সম্ভাব্য বদলি দল হিসেবে ইরাকের নাম শোনা যাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy