পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে আসন সমঝোতার সমীকরণ মেলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে বাম নেতৃত্বকে। যা একসময় সহজ ‘পার্টি-গণিত’ বলে মনে করা হচ্ছিল, বাস্তব রাজনীতির ময়দানে তা এখন মহম্মদ সেলিম এবং বিমান বসুদের কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, শরিক দলগুলোর দাবি এবং কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জট ক্রমশ জটিল হচ্ছে।
মূল সমস্যা দেখা দিয়েছে নিচুতলার কর্মীদের আবেগ এবং জেতা আসনগুলো নিয়ে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যে আসনে বামেরা শক্তিশালী, সেখানে কংগ্রেস প্রার্থী দিতে চাইছে। আবার উল্টো চিত্রও ধরা পড়ছে মালদহ বা মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে। সেলিম-বিমানরা চাইছেন জোটবদ্ধ লড়াই করতে, কিন্তু শরিক দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষায় আসন ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে ‘ফ্লেক্সিবল’ হওয়া ছাড়া কোনো পথ নেই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবুও, শেষ মুহূর্তে এই পাটিগণিত কীভাবে মিলে যাবে, না কি জোট প্রক্রিয়ায় বড় কোনো ফাটল ধরবে, সেটাই এখন দেখার।