রোগী দেখা নিয়ে রণক্ষেত্র এগরা! কাউন্সিলর ও চিকিৎসকের হাতাহাতিতে তোলপাড়

পূর্ব মেদিনীপুরের এগ্রায় রোগী দেখাকে কেন্দ্র করে চিকিৎসক ও স্থানীয় কাউন্সিলরের পরিবারের মধ্যে ব্যাপক উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদুর্লভ মাইতির স্ত্রী ও শাশুড়ি চিকিৎসক তপেন্দু মান্নার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা করাতে গেলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, দ্রুত রোগী দেখার অনুরোধ করলে চিকিৎসকের সহায়কের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কাউন্সিলর দেবদুর্লভ মাইতি ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, চিকিৎসক ও কাউন্সিলরের পরিবারের মধ্যে তুমুল তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। কাউন্সিলরের পরিবারের দাবি, চিকিৎসক মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং কাউন্সিলরকেও মারধর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে চিকিৎসকের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy