কয়লা পাচার মামলার তদন্তে ফের ঝোড়ো ব্যাটিং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। বুধবার সাতসকালে দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য পুলিশের বিতর্কিত আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে আচমকা হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিআরপিএফ জওয়ানদের দিয়ে বাড়ি ঘিরে ফেলে শুরু হয় ম্যারাথন তল্লাশি। এদিন মনোরঞ্জনের বাড়ির মেইন গেটেই একটি হাজিরার নোটিস সেঁটে দিয়েছেন তদন্তকারীরা, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী ১৩ মার্চ তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে।
তদন্তকারীদের দাবি, কয়লা পাচারের কোটি কোটি টাকার ‘প্রোটেকশন মানি’ লেনদেনে এই পুলিশ কর্তার সরাসরি যোগ রয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে পুলিশ প্রশাসনের একাংশের পাচারে মদত দেওয়া নিয়ে কড়া বার্তা দেওয়ার পরেই তৎকালীন বারাবনি থানার ওসি মনোরঞ্জনকে সাসপেন্ড করা হয়েছিল। এর আগে দু’বার সমন এড়ালেও এবার তৃতীয়বারের নোটিসে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইডি। বর্তমানে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত এই আধিকারিকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।