২০২২ সালে প্রায় ৩৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কেনার প্রথম চুক্তি করেছিল ফিলিপিন্স। সেই মিসাইলের কার্যকারিতা এবং নিখুঁত নিশানায় ফিলিপিন্স সামরিক বাহিনী এতটাই সন্তুষ্ট যে, তারা এখন তাদের নৌবাহিনী এবং বিমানবাহিনীর জন্যও এই মিসাইল কিনতে আগ্রহী। মঙ্গলবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ফিলিপিন্স সরকার শীঘ্রই ভারতের সঙ্গে দ্বিতীয় দফার একটি মেগা চুক্তি সই করতে পারে, যার অঙ্ক প্রথম চুক্তির চেয়েও অনেক বেশি হবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরে উত্তেজনার আবহে ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্সের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করছে। ভারতের জন্য এটি একটি বিশাল বড় সাফল্য, কারণ এর ফলে বিশ্বের প্রতিরক্ষা বাজারে ভারত এখন কেবল ক্রেতা নয়, বরং এক শক্তিশালী ‘রফতানিকারক’ হিসেবে আত্মপ্রকাশ করল। ম্যানিলার এই সিদ্ধান্ত দেখে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ ব্রহ্মোস কেনার বিষয়ে ভারতের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে।