মঙ্গলবার সকালে পুলিশ যখন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে, তখন দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। দেখা যায়, ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে স্বামী-স্ত্রীর দেহ। আর মেঝেতে পড়ে রয়েছে তাঁদের একমাত্র ছোট সন্তান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যার আগে বাবা-মা মিলে নিজেদের সন্তানকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছিলেন। সম্ভবত শিশুটি মারা গিয়েছে ভেবেই নিজেরা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। কিন্তু ভাগ্যক্রমে যমে-মানুষে লড়াই করে বেঁচে ফিরেছে ওই একরত্তি।
পড়শিদের দাবি, গত কয়েকদিন ধরেই ওই পরিবারে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে অনেক বেলা পর্যন্ত দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সমীর ও অনিতা (নাম পরিবর্তিত)। উদ্ধার হওয়া শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার আগে সমীর সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছিলেন— ‘আজই সব শেষ…’। এই পোস্টের পেছনে ঠিক কী কারণ লুকিয়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।