রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সংকট নিয়ে পাকিস্তানকে নজিরবিহীন আক্রমণ করল ভারত। আফগান ভূখণ্ডে পাকিস্তানের লাগাতার এয়ারস্ট্রাইক এবং আকাশসীমা লঙ্ঘনের কড়া নিন্দা করে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ স্পষ্ট জানিয়েছেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পাক হামলায় সাধারণ আফগান নাগরিকদের প্রাণহানি ঘটছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে নারী ও শিশুদের ওপর এই ধরণের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হরিশ পাকিস্তানকে কাঠগড়ায় তুলে বলেন, অল-কায়দা ও আইএসআইএল-এর মতো জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে পাকিস্তান প্রতিবেশী দেশগুলিকে বিপদে ফেলছে। ভারতকে দোষারোপ না করে পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ করা।
আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারত জানায়, যুদ্ধবিধ্বস্ত দেশটির ৩৪টি প্রদেশে ইতিমধ্যেই ৫০০-র বেশি উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করেছে দিল্লি। ভারতের প্রতিনিধি সাফ জানিয়েছেন, এই মুহূর্তে সবথেকে জরুরি হলো আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং সন্ত্রাস মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া। ভারত আফগান জনগণের পাশে থাকতে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।