রাজধানীর ব্যস্ততম মোড়ে আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি বেসরকারি বাস তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে এবং একের পর এক পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। বাসের ধাক্কায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন, যাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, এই রাস্তায় ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় বাসগুলি প্রতিযোগিতায় নামে, যার ফলে বারবার এমন প্রাণহানি ঘটছে। উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ। ঘাতক বাসের চালক ও খালাসি পলাতক। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক যানটিকে শনাক্ত করার চেষ্টা করছে।