টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজের তুতো বোনকে হারিয়েছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। শোকের পাহাড় বুকে চেপেও রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ২৫ বলে ৫৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারিতে সাজানো তাঁর এই ইনিংস ভারতের বড় জয়ে বড় ভূমিকা রাখে। ম্যাচ শেষে বোনকে হারানোর কথা জানিয়ে ঈশান আবেগপ্রবণ হয়ে পড়েন।
ঈশান জানান, কঠিন সময়ে হার্দিক পাণ্ড্যর সঙ্গে কথা বলে তিনি মানসিক শক্তি সঞ্চয় করেছিলেন। হার্দিক তাঁকে ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে মনোযোগ দিতে বলেন। আন্তর্জাতিক নারী দিবসে এই জয়টি তিনি তাঁর প্রয়াত বোনকেই উৎসর্গ করেছেন।
সাফল্যের রহস্য প্রসঙ্গে ঈশান বলেন, জাতীয় দল থেকে বাদ পড়ার পর তিনি অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিয়েছেন। বিরাটের মতো তিনিও কেবল নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকা কাজগুলোতে ফোকাস করছেন। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সময় অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে কথোপকথনের কথা স্মরণ করে ঈশান বলেন, সূর্য তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন, তিনি বিশ্বকাপ জেতাতে পারবেন কি না। অধিনায়কের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে মাঠে নিজের সেরাটা দিয়েছেন এই তরুণ তুর্কি। ৯৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।