বিহারের রাজনীতিতে আশানুরূপ ফল না মিললেও দমে যেতে নারাজ তেজপ্রতাপ যাদব। এবার পড়শি রাজ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে বড়সড় কামড় বসাতে চাইছে তাঁর নেতৃত্বাধীন ‘জনশক্তি জনতা দল’ (জেজেডি)। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন লালু-পুত্র। তবে একক শক্তিতে নাকি কোনো জোটের হাত ধরে লড়াই হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেজপ্রতাপ জানান, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে এসে দলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। তাঁর কথায়, “বাংলায় আমাদের দল প্রার্থী দেবে এবং প্রার্থীদের নামও দ্রুত চূড়ান্ত করা হবে।” উল্লেখ্য, ‘অসংযত আচরণে’র দায়ে বাবা লালু প্রসাদ যাদব তাঁকে আরজেডি থেকে বহিষ্কার করার পর নিজস্ব দল গড়ে লড়াই শুরু করেন তেজপ্রতাপ। যদিও বিহারের গত নির্বাচনে ‘ব্ল্যাক বোর্ড’ প্রতীকে লড়ে বড় সাফল্য আসেনি, তবে পাটনা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জয় তাঁকে অক্সিজেন জুগিয়েছে।
এই ঘোষণা ঘিরে অস্বস্তিতে পড়তে পারে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। একদিকে আরজেডি ও তৃণমূল যখন জাতীয় স্তরে জোটসঙ্গী, তখন তেজপ্রতাপের এই আলাদা লড়াই কার ভোটব্যাঙ্কে থাবা বসাবে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বাংলায় বিহারি ভোটব্যাঙ্ককে টার্গেট করেই কি এই নয়া কৌশল? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক বিশেষজ্ঞরা।