আসন্ন নির্বাচনের রণকৌশল সাজাতে রবিবার রাতে রাজ্যে পা রেখেছে নির্বাচন কমিশনের ১২ সদস্যের ফুল বেঞ্চ। সোমবার সাতসকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মায়ের দর্শন সেরে হাসিমুখে বেরিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানালেও, শহরের রাজপথে তাঁকে তাড়া করে বেড়াল বিক্ষোভ আর কালো পতাকা।
বিমানবন্দর থেকে ভিআইপি রোড হয়ে আসার পথে বাম কর্মীদের বিক্ষোভের পর সোমবার সকালে হাজরা মোড়েও নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েন কমিশনার। ‘গো ব্যাক’ স্লোগান এবং প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষের একাংশ তাঁর পথ আটকানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া হচ্ছে। এই ‘ডিলিট’ আতঙ্কে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে বলেও দাবি করেন তাঁরা।
যদিও বিক্ষোভ নিয়ে মুখ খোলেননি জ্ঞানেশ কুমার। কালীঘাট থেকে বেরিয়ে তিনি সরাসরি নিউটাউনের হোটেলের উদ্দেশে রওনা দেন। সোমবার দিনভর কমিশনের ঠাসা কর্মসূচি রয়েছে। সকাল থেকে রাজ্যের নোডাল অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তাঁরা। বিকেলে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজীব কুমারের মতো তৃণমূল প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবে কমিশন। ভোট ঘোষণার আগে এই সফর ও বিক্ষোভ ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ।