আর মিলবে না রান্নার গ্যাস? কলকাতায় হাহাকার, রাতারাতি দোকানে দোকানে লম্বা লাইন!

রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এবং সিলিন্ডার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার জেরে কলকাতায় রাতারাতি বদলে যাচ্ছে হেঁশেলের ছবি। শনিবার থেকে সিলিন্ডার প্রতি একধাক্কায় ৬০ টাকা দাম বাড়িয়েছে কেন্দ্র। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে জোগানে ঘাটতির আশঙ্কায় কপালে ভাঁজ আমজনতার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শহরজুড়ে এখন ইন্ডাকশন ওভেন কেনার ধুম লেগেছে।

চাঁদনি মার্কেট থেকে এজরা স্ট্রিট—খুচরো ইলেকট্রনিক্স দোকানগুলিতে উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানাচ্ছেন, আগে যেখানে দিনে ৪০-৪৫টি ইন্ডাকশন ওভেন বিক্রি হতো, এখন তা একলাফে ১৩০ ছাড়িয়েছে। খোসলা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মনীশ খোসলা জানান, “গ্যাসের দাম বৃদ্ধি ও সিলিন্ডার নিয়ে আতঙ্কের কারণেই মানুষ ইলেকট্রিক সরঞ্জামের দিকে ঝুঁকছেন।” শুধু ইন্ডাকশন নয়, হট প্লেট, ইলেকট্রিক কেটলি এবং মাইক্রোওয়েভ ওভেনের চাহিদাও তুঙ্গে।

অন্যদিকে, সরকারের নতুন নিয়ম অনুযায়ী ২৫ দিনের আগে সিলিন্ডার বুকিং করা যাবে না। এর সাথে যুক্ত হয়েছে ই-কেওয়াইসি সমস্যা। বহু গ্রাহক অভিযোগ করছেন, কেওয়াইসি আপডেট না থাকায় বুকিং হলেও মিলছে না সিলিন্ডার। সব মিলিয়ে রান্নার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে এখন ইলেকট্রিক গ্যাজেটই ভরসা তিলোত্তমার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy