শুক্রবার বিকেলে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। রাজ্যে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায় পড়ে থাকা নিয়ে তিনি বলেন, “আমাদের বক্তব্য খুব সহজ, ৬০ লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদির চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে।”
অভিষেক এদিন প্রশ্ন তোলেন, কেন এত বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে? তাঁর অভিযোগ, বিজেপি বুঝতে পেরেছে যে গণতান্ত্রিক পথে তৃণমূলকে হারানো সম্ভব নয়, তাই তারা নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তিনি সাফ জানান, যদি এই ৬০ লক্ষ মানুষ ভোট দিতে না পারেন, তবে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না এবং দিল্লির ক্ষমতার গদিও টলমল করবে।
বক্তব্যের শেষে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, প্রতিটি বুথে গিয়ে ভোটার তালিকা যাচাই করতে এবং যাদের নাম ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে। অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে বিজেপিকে তার চরম মূল্য চোকাতে হবে।”