পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। প্রকাশিত চূড়ান্ত তথ্য অনুযায়ী, প্রায় ৭.৫ লক্ষ বিচারাধীন ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে শঙ্কার বিষয় হলো, এখনও এক বিশাল সংখ্যক ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারপ্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, যা নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, গত কয়েক মাস ধরে চলা এই বিশেষ স্ক্রুটিনির পর রাজ্যের ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ নাম বাদ গিয়েছে। মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার এই প্রক্রিয়ায় ৭.৫ লক্ষ নামের চূড়ান্ত ফয়সালা হলেও, কমিশনের তথ্য অনুযায়ী এখনও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম নিয়ে বিচারপ্রক্রিয়া চলছে। এদের নামের পাশে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতির কারণে এই বিশেষ ক্যাটেগরিতে রাখা হয়েছে।
কমিশন জানিয়েছে, যাদের নাম এই মুহূর্তে চূড়ান্ত তালিকায় নেই বা যাদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ক্যাটেগরিতে রয়েছে, তাদের মামলাগুলি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন। যদি প্রামাণিক নথির ভিত্তিতে তাঁদের আবেদন গ্রাহ্য হয়, তবেই সম্পূরক তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে। অন্যথায়, এই বিপুল সংখ্যক মানুষের ভোটদান অনিশ্চিত হয়ে পড়তে পারে। ভোটারদের সুবিধার্থে কমিশন পরামর্শ দিয়েছে যে, অতি দ্রুত নিজের নাম অনলাইন পোর্টাল বা স্থানীয় বিএলও-র কাছে যাচাই করে নেওয়া প্রয়োজন।