মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সরাসরি মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচন নিয়ে দেশটি অকারণে সময় নষ্ট করছে। বিশেষ করে আয়তুল্লা আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর পুত্র মোজতবা খামেনির নাম নিয়ে ট্রাম্প স্পষ্টতই সন্দিহান। তাঁর মতে, মোজতবা দায়িত্ব সামলানোর মতো যথেষ্ট প্রভাবশালী নন।
ট্রাম্পের মন্তব্য, “ইরান ভুল পথে সময় নষ্ট করছে। খামেনির পুত্র শক্তিশালী প্রার্থী নন।” মার্কিন প্রেসিডেন্টের কথায়, তেহরানে এমন নেতৃত্ব প্রয়োজন যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ও সুসম্পর্ক স্থাপনে আগ্রহী হবে। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পরিবর্তনের মাধ্যমে ইরানকেও ওয়াশিংটন-বান্ধব করতে চায় মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ওপর বড় ধরনের আঘাত এসেছে। ট্রাম্পের দাবি, এই অভিযানে খামেনিসহ ইরানের একাধিক শীর্ষ নেতৃত্ব মারা গেছেন। ফলে দেশটিতে একপ্রকার নেতৃত্ব-শূন্যতা তৈরি হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র বর্তমানে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে ট্রাম্পের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বৈশ্বিক রাজনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিয়েছে।