৭০ বছরের বৃদ্ধার কাটা গেল নাক-জিভ! মধ্যপ্রদেশের গমক্ষেতে পৈশাচিকতা দেখে শিউরে উঠল দেশ

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় এক ৭০ বছর বয়সী বৃদ্ধার ওপর ঘটে যাওয়া পৈশাচিক হামলার ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। বুধবার সকালে গ্রামের একটি গমক্ষেতের মধ্যে ওই বৃদ্ধাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর নাক ও জিভ কাটা ছিল এবং সারা শরীরে ছিল বিকৃত আঘাতের চিহ্ন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা গত দুই দশক ধরে গ্রামের বাইরে কৃষিজমির ওপর একটি কুঁড়েঘরে থাকতেন। ঘটনার রাতে তাঁর ছেলে সেচ দেওয়ার কাজে পাশের ক্ষেতে গিয়েছিলেন এবং বৃদ্ধা ঘরে একাই ছিলেন। সকালে মা-কে খুঁজে না পেয়ে তল্লাশি শুরু করতেই পাশের ক্ষেতে যন্ত্রণায় কাতর অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি খাটের উপস্থিতি এবং শরীরের ক্ষত দেখে পুলিশের প্রাথমিক ধারণা, এটি কেবল সাধারণ হত্যা নয়, এর পেছনে থাকতে পারে বিকৃত যৌন লালসা বা চরম ব্যক্তিগত আক্রোশ।

রাজগড়ের এসডিওপি ধর্মবীর নগর জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। তবে বৃদ্ধার পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy