দেশের ক্রমহ্রাসমান জন্মহার নিয়ে এবার নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এক অভিনব আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে তাঁর সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, যে দম্পতিরা দুই বা তার বেশি সন্তানের জন্ম দেবেন, তাঁদের এককালীন ২৫,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, অন্ধ্রপ্রদেশে বর্তমানে টোটাল ফার্টিলিটি রেট (TFR) মাত্র ১.৫ শতাংশ, যা স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় ২.১ শতাংশের চেয়ে অনেকটাই কম। নাইডুর মতে, তরুণ প্রজন্মের সংখ্যা কমে গেলে রাজ্যের কর্মক্ষমতা ও উৎপাদনে ধস নামতে পারে। এই ‘বার্ধক্যের অভিশাপ’ থেকে রাজ্যকে বাঁচাতে এই ইনসেনটিভ স্কিম ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে তিনি আশাবাদী।
সূত্র মারফত জানা গেছে, চলতি মাসের শেষেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে এবং আগামী এপ্রিল মাস থেকেই গোটা রাজ্যে এটি কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের দীর্ঘদিনের নীতির ঠিক উল্টো পথে হেঁটে এই পদক্ষেপ জাতীয় রাজনীতিতে নতুন তর্কের জন্ম দিল।