রাজ্যপাল সিভি আনন্দ বোস ইস্তফা দিতেই শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়ায় নতুন জল্পনা দানা বেঁধেছে। বৃহস্পতিবার রাজ্যপালের পদত্যাগের খবর সামনে আসতেই বিরোধী দলনেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “তৃণমূল এবার উদ্বিগ্ন হতে পারে।” তাঁর এই সংক্ষিপ্ত অথচ রহস্যময় মন্তব্য ঘাসফুল শিবিরের জন্য যে বিশেষ বার্তা বহন করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক বিশ্লেষকদের।
শুভেন্দু অধিকারীর মতে, রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস অনেক ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতি নমনীয় ছিলেন বলে বিজেপির অন্দরেই ক্ষোভ ছিল। এবার তাঁর পদত্যাগের পর রাজভবনে এমন কেউ আসতে পারেন, যিনি সংবিধান রক্ষায় আরও কঠোর হবেন। শুভেন্দুর ইঙ্গিত, পরবর্তী রাজ্যপাল হয়তো প্রশাসনিক অনিয়ম বা দুর্নীতির বিষয়ে কড়া অবস্থান নেবেন, যা শাসক দলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দেবে। নির্বাচনের প্রাক্কালে শুভেন্দুর এই ‘উদ্বেগ’ তত্ত্ব কি রাজভবন ও নবান্নের সম্পর্কে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত? তা নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি।