আন্তর্জাতিক সমুদ্রসীমায় ফের অশান্তির আগুন। ওমানের মাসকাট উপকূলের কাছে, রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ হামলায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের কান্ডিভালির বাসিন্দা দীক্ষিত অমৃতলাল সোলাঙ্কি। পেশায় নাবিক দীক্ষিত দীর্ঘ দিন ধরেই ওই ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের মাতম শুরু হয়েছে সোলাঙ্কি পরিবারে।
সূত্রের খবর, হরমুজ প্রণালীর কাছে যখন ট্যাঙ্কারটি অবস্থান করছিল, তখনই ড্রোন বা মিসাইল জাতীয় কোনো মারণাস্ত্র দিয়ে সেটিকে লক্ষ্য করা হয়। তবে এই হামলার নেপথ্যে কোনো জঙ্গি গোষ্ঠী নাকি অঞ্চলের কোনো দেশের হাত রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অমৃতলালের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের পক্ষ থেকে ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে সাধারণ কর্মীদের এভাবে প্রাণ হারানো বিশ্বজুড়ে নাবিকদের নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।