পাকিস্তান ক্রিকেটে চরম কেলেঙ্কারি! শ্রীলঙ্কার হোটেলে মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ পাক তারকার বিরুদ্ধে

বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওঠার আগেই ভয়াবহ এক বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মাঝেই অভিযোগ উঠেছে, দলের এক তারকা ক্রিকেটার শ্রীলঙ্কার টিম হোটেলে এক মহিলা কর্মীর সঙ্গে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশোভন আচরণ করেছেন। ‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর একটি বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনার জেরে ওই ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানাও দিতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের ‘গোল্ডেন ক্রাউন’ হোটেলে। সুপার এইটে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে ওই ক্রিকেটার হোটেলের এক হাউসকিপিং কর্মীকে হেনস্তা করেন বলে অভিযোগ। আক্রান্ত মহিলা চিৎকার করে সাহায্য চাইলে হোটেলের অন্যান্য কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের দাবি জানালে তড়িঘড়ি আসরে নামেন পাক টিমের ম্যানেজার নাভিদ চিমা। তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিলেও ওই ক্রিকেটারকে মোটা টাকা জরিমানা করা হয়েছে।

পিসিবি অভিযুক্ত ক্রিকেটারের নাম গোপন রাখলেও বিষয়টি ধামাচাপা থাকছে না। খবর অনুযায়ী, দল দেশে ফেরার পর শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে হবে ওই অভিযুক্তকে। বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার যন্ত্রণার মাঝেই মাঠের বাইরের এই লজ্জাজনক ঘটনা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে ধুলোয় মিশিয়ে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy