পুলিশের চাকরি দেওয়ার নামে ৯ লক্ষের প্রতারণা! জমি-সম্পত্তি বিক্রি করে সর্বস্বান্ত সরশুনার পরিবার

কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল সরশুনায়। প্রতারকদের জালে পড়ে নিজের জমি ও শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে প্রায় ৯ লক্ষ ৩৬ হাজার টাকা খুইয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

সরশুনার বাসিন্দা ওই গৃহবধূ স্থানীয় একটি মোটর ট্রেনিং স্কুলে গাড়ি চালানো শিখতে গিয়ে প্রশিক্ষক বিশ্বনাথ সাহার সঙ্গে পরিচিত হন। অভিযোগ, বিশ্বনাথ নিজেকে প্রভাবশালী দাবি করে জানান যে তিনি অনেককে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। মহিলার বেকার ছেলের জন্য চাকরির কথা উঠলে বিশ্বনাথ তাঁকে নিউ আলিপুরের জনৈক সৌমেন সাহা রায়ের কাছে নিয়ে যান।

প্রথমে কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে ‘বেতন কম’ হওয়ার দোহাই দিয়ে সাব-ইন্সপেক্টর পদের টোপ দেওয়া হয় এবং আরও ৩ লক্ষ টাকা দাবি করা হয়। এমনকি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে আরও ৩৬ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। ছেলের ভবিষ্যতের আশায় জমি ও সম্পত্তি বিক্রি করে সেই টাকা জোগাড় করেছিলেন ওই গৃহবধূ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় এবং টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে। অবশেষে উপায়ান্তর না দেখে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারটি। সরশুনা থানা ও ডিসি অফিসে অভিযোগ জমা পড়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy