ভারত মহাসাগরে যুদ্ধের মেঘ এবার আছড়ে পড়ল ভারতের দোরগোড়ায়। বিশাখাপত্তনম থেকে যৌথ মহড়া সেরে ফেরার পথে ইরানের যুদ্ধজাহাজ ‘IRIS Dena’-কে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাল আমেরিকা। মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে সলিল সমাধি ঘটেছে অন্তত ৮৭ জন ইরানি সেনার। গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে ‘মিলান’ আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল এই রণতরীটি।
নৃশংস হামলার বিবরণ:
মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আন্তর্জাতিক জলপথে কোনো সতর্কতা ছাড়াই জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটিতে ১৩০ জন কর্মী ও সেনা ছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিরা প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো বিদেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মতো চরম পদক্ষেপ নিল আমেরিকা।
ইরানের হুঁশিয়ারি ও ভারতের অবস্থান:
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমেরিকা আন্তর্জাতিক জলপথে নৃশংসতা চালিয়েছে। ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে যাওয়া জাহাজে এই হামলা ওদের জন্য চরম আফসোসের কারণ হবে।” ভারতের প্রভাবিত অঞ্চলেই এই হামলা চালানো হলেও, নয়াদিল্লির তরফে এখনও পর্যন্ত কোনো সরকারি মন্তব্য করা হয়নি। ইজরায়েল-ইরান-আমেরিকা উত্তেজনার মাঝে এই ঘটনা গোটা বিশ্বের কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল।