উদয়পুরের সেই রূপকথার বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার হায়দরাবাদে রাজকীয় রিসেপশন সারলেন দক্ষিণ ভারতের সবথেকে চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। ৪ মার্চ রাতে বঞ্জারা হিলসের বিলাসবহুল ‘তাজ কৃষ্ণা’ হোটেলে বসেছিল তারকার মেলা। টলিউড থেকে বলিউড— প্রিয় ‘ভিরোশ’ (VIROSH) জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন গোটা বিনোদন জগতের রথী-মহারথীরা।
এদিন সাবেকি লাল সিল্কের শাড়ি আর গোল্ড টেম্পল জুয়েলারিতে রশ্মিকাকে লাগছিল অপরূপা। অন্যদিকে সাদা ট্রাডিশনাল পোশাকে বিজয়ের মার্জিত উপস্থিতি নজর কেড়েছে সবার। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে শুরুতেই পৌঁছে গিয়েছিলেন মেগাস্টার চিরঞ্জীবী। দেখা গিয়েছে নাগার্জুন, নাগা চৈতন্য, ভেঙ্কটেশ এবং রবি তেজাকেও। মহেশ বাবু উপস্থিত থাকতে না পারলেও তাঁর স্ত্রী নম্রতা ও কন্যা সিতারা দীর্ঘক্ষণ সময় কাটান রশ্মিকার সঙ্গে।
মুম্বই থেকে উড়ে এসেছিলেন করণ জোহর, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী এবং ম্রুণাল ঠাকুরের মতো তারকারা। তবে আসর জমিয়ে দিয়েছিলেন ‘আইকন স্টার’ অল্লু অর্জুন। লাল কুর্তায় তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। ‘পুষ্পা’ পরিচালক সুকুমারও তাঁর প্রিয় ‘শ্রীবল্লী’র বিশেষ দিনে হাজির ছিলেন সস্ত্রীক। কড়া নিরাপত্তার মাঝে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।