রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিধানসভায় চাঁদের হাট। তৃণমূল কংগ্রেসের তরফে চার হেভিওয়েট—প্রাক্তন আইপিএস রাজীব কুমার, টলিউড কুইন কোয়েল মল্লিক, বিশিষ্ট আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় আজ তাঁদের মনোনয়ন দাখিল করবেন। অন্যদিকে, বিজেপির তরফে লড়াইয়ের ময়দানে রয়েছেন হেভিওয়েট নেতা রাহুল সিনহা।
এদিন সকালেই বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। উর্দি ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখা রাজীবের কাছে তাঁর নতুন ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি মাদার টেরিজার একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন। তিনি বলেন, “মাদার বলতেন, ঈশ্বর আমায় এমন কোনও দায়িত্ব দেবেন না যা আমি সামলাতে পারব না। তবে ঈশ্বর যেন আমায় এতটা বিশ্বাস না করেন।” রাজীবের এই রহস্যময় মন্তব্যে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, নিজের ক্ষমতার সীমাবদ্ধতা এবং আগামীর গুরুদায়িত্ব নিয়ে তিনি বিনয়ের সঙ্গেই প্রত্যাশার রাশ টেনে ধরতে চেয়েছেন। আগামিকাল মনোনয়নপত্র স্ক্রুটিনি এবং ৯ তারিখ প্রত্যাহারের শেষ দিনে জয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।