বিহারের রাজনীতিতে ফের এক বিশাল ওলটপালটের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলে জোরালো জল্পনা, নীতীশ কুমার খুব শীঘ্রই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন। শোনা যাচ্ছে, জেডিইউ (JDU) সুপ্রিমো এবার রাজ্য রাজনীতির পাঠ চুকিয়ে দিল্লির জাতীয় রাজনীতিতে বড় কোনো ভূমিকা নিতে চলেছেন। তাঁকে রাজ্যসভার সাংসদ করে কেন্দ্রে পাঠানো হতে পারে বলে খবর।
যদি নীতীশ কুমার সরে দাঁড়ান, তবে বিহারের নেতৃত্বে কি এবার বিজেপির কোনো হেভিওয়েট নেতাকে দেখা যাবে? এনডিএ জোটের অন্দরে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। বিহারে দীর্ঘকাল বিজেপির সমর্থনে নীতীশ মুখ্যমন্ত্রী থাকলেও, এবার বিজেপি নিজেদের মুখকে মুখ্যমন্ত্রী পদে বসাতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। একদিকে নীতীশের জাতীয় স্তরে উত্তরণ এবং অন্যদিকে বিহারে বিজেপির আধিপত্য বিস্তারের এই সমীকরণ নিয়ে এখন সরগরম পাটনা থেকে দিল্লি।