অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২৬ সালের শুরুতেই এই নতুন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের জল্পনা তুঙ্গে। তবে এবার সবথেকে বড় চমক আসতে চলেছে চিকিৎসা ভাতার (Medical Allowance) ক্ষেত্রে। বর্তমান নিয়ম অনুযায়ী, যে সমস্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের (CGHS) সুবিধা নেন না, তাঁরা প্রতি মাসে ১,০০০ টাকা করে ‘ফিক্সড মেডিক্যাল অ্যালাউন্স’ পান। বিভিন্ন কর্মী সংগঠনের জোরালো দাবির মুখে এই ভাতা এবার আকাশছোঁয়া হতে পারে।
সূত্রের খবর, বর্তমান মুদ্রাস্ফীতি এবং স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান খরচ বিবেচনা করে এই ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে একটি বড় অঙ্কের বৃদ্ধি যে নিশ্চিত, তা মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি কর্মীদের ন্যূনতম বেসিক পে (Basic Pay) বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টর পরিবর্তনের সম্ভাবনাও প্রবল। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনার সরাসরি উপকৃত হবেন। ২০২৬-এর বাজেটের পর এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।