ইরান-ইজরায়েল যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু-হু করে বাড়ছে। সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮২ ডলার ছাড়িয়ে গিয়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতেও তেলের দাম বাড়ার কথা, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, সরকার এমন এক ‘বাফার’ ব্যবস্থা গ্রহণ করেছে যাতে আগামী কয়েক মাস ভারতে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হবে না।
বিশেষজ্ঞদের মতে, ভারত বর্তমানে রাশিয়া থেকে সস্তায় তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে। এছাড়া দেশের কৌশলগত তেল ভাণ্ডার (Strategic Petroleum Reserve) থেকে প্রয়োজনে তেল ছাড়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সরকারি তেল বিপণন সংস্থাগুলিকে (OMCs) নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা লাভ-লোকসানের ভারসাম্য বজায় রেখে খুচরো বাজারে দাম না বাড়ায়। সামনেই ২০২৬-এর একাধিক রাজ্যে নির্বাচন, তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।