বীরভূমের তারাপীঠে পুজো দিয়ে আজ নির্বাচনী প্রচার শুরু করলেন মহারাষ্ট্রের প্রভাবশালী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। সেখান থেকেই তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোষণ ও অনুপ্রবেশের গুরুতর অভিযোগ তোলেন। ফড়নবিশ আশঙ্কা প্রকাশ করে বলেন, “যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে হয়তো আমরা আর মা তারার দর্শনই পাব না। এখানকার মানুষের কাজ ছিনিয়ে নিয়ে বাংলাদেশিরা এখানে রোজগার করবে।”
বাংলার মণীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফড়নবিশ মনে করিয়ে দেন যে, বাংলার প্রতি সারা দেশের আবেগ কতটা গভীর। তিনি বলেন, “বাংলার মণীষী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতরম’ গেয়ে মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন শুরু হয়। অথচ সেই বাংলায় আজ মণীষীদের আদর্শ বিপন্ন।” তাঁর দাবি, তৃণমূল সরকার কেবল ভোটব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে, যার ফলে বীরভূমের মতো পবিত্র স্থানের ঐতিহ্য আজ সংকটে। ফড়নবিশের এই ‘বহিরাগত বনাম অনুপ্রবেশ’ বিতর্ক বীরভূমের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল।