পর্দায় যাঁর হাসিমাখা মুখ দেখে কোটি কোটি মানুষ আনন্দ পায়, সেই রাজপাল যাদব এখন বাস্তবে এক চরম সংকটের সম্মুখীন। ২০১০ সালে শুরু হওয়া ৯ কোটি টাকার একটি ঋণ সংক্রান্ত মামলা নিয়ে গত কয়েক বছর ধরে আদালত ও হাজতবাসের চক্কর কাটতে হয়েছে তাঁকে। এতদিন এই নিয়ে মুখে কুলুপ আঁটলেও, সম্প্রতি একটি সাক্ষাৎকারে মনের কথা উগরে দিলেন অভিনেতা। তাঁর কথায়, “এটা শুধু মাত্র ৯ কোটির দেনার মামলা নয়, এটা এখন ইগোর লড়াই হয়ে দাঁড়িয়েছে।”
রাজপাল জানান, তিনি কোনোদিন অর্থ আত্মসাৎ করতে চাননি। তিনি একজন শিল্পী হিসেবে নিজের কাজ মন দিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এমন দিকে যায় যে তাঁকে আইনি প্যাঁচে পড়তে হয়। অভিনেতা দাবি করেন, তাঁর সরলতার সুযোগ নিয়ে তাঁকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। এমনকি এই মামলার জেরে ২০১৮ সালে তাঁকে তিন মাসের জেলও খাটতে হয়। রাজপাল বলেন, “আমি টাকা ফিরিয়ে দিতে রাজি ছিলাম, কিন্তু উল্টো দিকের মানুষের জেদ এবং অহংকার পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে।” বলিউডের এই অভিনেতা আরও যোগ করেন যে, জীবনের এই কঠিন সময় তাঁকে অনেক কিছু শিখিয়েছে। আপাতত তিনি কেবল কামব্যাক নয়, বরং এই কলঙ্ক মুছে নিজের সম্মান ফিরে পেতে মরিয়া। বিনোদন দুনিয়ায় খবর, রাজপালের এই আইনি জট দ্রুত না কাটলে তাঁর আসন্ন ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।