পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া নিয়ে মমতা সরকারের অস্বস্তি বাড়ল সুপ্রিম কোর্টে। ভোটার তালিকায় নথি যাচাইয়ের জন্য নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর নির্বাচন কমিশনের (ECI) ‘প্রশিক্ষণ’ সংক্রান্ত বিধিনিষেধ চেয়ে আবেদন করেছিল রাজ্য। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, কমিশন যদি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়, তাতে হস্তক্ষেপ করবে না আদালত।
রাজ্য সরকারের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন যে, নির্বাচন কমিশন একটি ট্রেনিং মডিউল তৈরি করে বিচারবিভাগীয় আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং নির্দিষ্ট নথি গ্রহণে বাধা দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কড়া সুরে জানায়, “এইসব ছোটখাটো অজুহাত দিয়ে আপনারা সবকিছু আটকে দিতে চাইছেন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে জানেন এবং তাঁরা কারও দ্বারা প্রভাবিত হবেন না।”
বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে আর কে দেবে? আদালত নির্দেশ দিয়েছে যে, কোন নথি গ্রহণযোগ্য তা বিচারবিভাগীয় আধিকারিকরাই ঠিক করবেন, এমনকি কমিশন কোনও নির্দেশ দিলেও আধিকারিকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগের অনুমতি দিয়ে আদালত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দিয়েছে।