সাত-সকালে হোয়াটসঅ্যাপ বিভ্রাট! ডেস্কটপ খুলতেই উধাও কিউআর কোড? চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা

শুক্রবার ছুটির মেজাজ নয়, বরং চূড়ান্ত বিরক্তি নিয়ে শুরু হলো হাজার হাজার মানুষের সকাল। আচমকাই দেশজুড়ে বড়সড় বিভ্রাটের মুখে মেটা (Meta) চালিত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিশেষ করে ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ বা ডেস্কটপ ভার্সন ব্যবহার করতে গিয়ে নাকাল হচ্ছেন অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে এখনও মেটার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

ডাউনডিটেক্টর (Downdetector)-এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার পর থেকেই অভিযোগের পাহাড় জমতে শুরু করে। ব্যবহারকারীদের বড় অংশই জানিয়েছেন, ডেস্কটপ ভার্সনে কিউআর কোড লোড হচ্ছে না, আবার অনেকের ক্ষেত্রে দীর্ঘক্ষণ পেজ লোডিং হওয়ার পর লিঙ্ক ফেইল হয়ে যাচ্ছে। এমনকি আইফোন ব্যবহারকারীদেরও একটি অংশ অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, ৫৬ শতাংশ ব্যবহারকারী ওয়েব ভার্সনে এবং ৩৬ শতাংশ অ্যাপে সমস্যার সম্মুখীন হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবহারকারীরা। খাতিজা শেখ নামে এক ইউজার লিখেছেন, “অন্য কোনো ডিভাইসে কানেক্টই করা যাচ্ছে না।” হানা নামে অন্য এক ভেরিফায়েড ইউজার জানিয়েছেন, কোনো ব্রাউজার দিয়েই এই সমস্যার সমাধান মিলছে না। তবে বেলা ১১টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে খবর। কয়েকদিন আগেই বিশ্বব্যাপী ‘এক্স’ (X) পরিষেবা বিকল হওয়ার পর এবার মেটার অ্যাপে এই গোলমাল প্রযুক্তিগত সুরক্ষায় বড় প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy