দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এক ঐতিহাসিক মোড়! সমস্ত অভিযোগ থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে বেকসুর খালাস করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। শুক্রবার বিশেষ বিচারক জিতেন্দ্র সিং সাফ জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) এই হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে চরম ব্যর্থ হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, কেজরিওয়াল বা সিসোদিয়ার বিরুদ্ধে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এমনকি সিবিআই যে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ খাড়া করেছিল, তাও ধোপে টেকেনি। উল্লেখ্য, এই মামলায় মোট ২৩ জন অভিযুক্তকেই নিষ্কৃতি দিয়েছে আদালত। রায়ের পর উচ্ছ্বসিত সুনীতা কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই পৃথিবীতে কেউ শিবশক্তির উপরে নয়। সত্য সর্বদা জয়ী হয়।”
২০২২ সাল থেকে চলা এই তদন্তে সিবিআই একাধিক চার্জশিট জমা দিলেও, নথির সঙ্গে তথ্যের অমিল দেখে বারবার অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। ১০০ কোটি টাকার ‘সাউথ লবি’ সংক্রান্ত অভিযোগটিও সিবিআই প্রমাণ করতে পারেনি। এই রায়ের ফলে আম আদমি পার্টির ওপর থেকে আইনি খাড়া যেমন সরল, তেমনই ২০২৬-এর আগে জাতীয় রাজনীতিতে কেজরিওয়ালের গুরুত্ব এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল।