রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগকে কার্যত ‘ভীতি’ বলে কটাক্ষ করেছেন তিনি। দিলীপ ঘোষের দাবি, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কায় তৃণমূল সুপ্রিমো এখন রীতিমতো আতঙ্কিত।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “SIR ঘোষণা হওয়ার পর থেকেই উনি আতঙ্কিত। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েও কোনো লাভ হয়নি। আজ উনি নিজেই মেনে নিয়েছেন যে ১.২০ কোটি নাম বাদ যেতে পারে। আসলে এই নামগুলো ইচ্ছাকৃতভাবে তালিকায় ঢোকানো হয়েছিল।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এই প্রক্রিয়ার ফলে প্রায় ১.২০ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তবে ভোটার তালিকার এই সংশোধন নিয়ে টানাপোড়েন এখন তুঙ্গে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাইয়ের জন্য অতিরিক্ত বিচারক নিয়োগের সবুজ সংকেত দিয়েছে। প্রায় ৫০ লক্ষ অভিযোগ খতিয়ে দেখার এই বিশাল কর্মযজ্ঞে প্রতিবেশী রাজ্যগুলির সাহায্য নেওয়ার পথও খোলা রাখা হয়েছে।