মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ‘প্রজেক্ট চিতা’ নিয়ে বিতর্ক থামছেই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই প্রকল্পে আফ্রিকার চিতাগুলোকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে কয়েক বছর আগেই। কিন্তু সাম্প্রতিক এক অডিট রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এই চিতাদের রক্ষণাবেক্ষণ এবং খাবারের জন্য প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের খাসির মাংস (Mutton) সরবরাহ করা হয়েছে। কিন্তু এত বিপুল রাজকীয় আয়োজন সত্ত্বেও চিতাগুলোর বন্য প্রবৃত্তি বা লোকালয়ে হানা দেওয়ার প্রবণতা কমছে না।
বারবার কুনোর জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে চিতাগুলো। কখনও ‘জ্বালা’, কখনও ‘আশা’—এক গ্রাম থেকে অন্য গ্রামে চিতা ঘুরে বেড়ানোর ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। সাম্প্রতিক ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামের গবাদি পশু শিকার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হচ্ছে চিতা ও তার শাবকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে কুনো কর্তৃপক্ষ গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেছে। প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা খরচ করে জঙ্গলের ভেতরে বিশেষ খাবারের ব্যবস্থা রাখা সত্ত্বেও কেন চিতাগুলো বারবার মানুষের বাসস্থানের দিকে ছুটে আসছে? বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, চিতা তার নিজস্ব বিচরণক্ষেত্র বা টেরিটরি তৈরির জন্যই সীমানা ছাড়িয়ে বাইরে যাচ্ছে। তবে এই ‘রাজকীয়’ খরচ এবং লোকালয়ে নিরাপত্তার অভাব নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে বন দফতর।