প্রায় দেড় হাজার কোটি টাকার কয়লা পাচার মামলায় বুধবার আসানসোল সিবিআই আদালতে তৈরি হল এক নজিরবিহীন পরিস্থিতি। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা এদিন সশরীরে আদালতে হাজিরা দিলেও শুনানি ছাড়াই তাঁকে ফিরে যেতে হল। জানা গিয়েছে, আদালতে বিচারক উপস্থিত না থাকার কারণেই থমকে যায় বিচারপ্রক্রিয়া।
কয়লা পাচার মামলায় ইসিএল-এর একাধিক উচ্চপদস্থ আধিকারিক, বড় কয়লা ব্যবসায়ী এবং প্রভাবশালী কোম্পানির মালিকদের নাম জড়িয়েছে। তদন্তের খাতিরে ইতিপূর্বে অনেককেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালা নিজেও সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার আগে পর্যন্ত দীর্ঘদিন আত্মগোপন করে ছিলেন। বর্তমানে ধৃতদের অনেকেই জামিনে মুক্ত থাকলেও মামলার নিয়মিত শুনানি চলছে। তবে এদিন লালা-সহ অন্যান্য অভিযুক্তরা আইনজীবীদের নিয়ে আদালতে পৌঁছালেও বিচারক না থাকায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী শুনানির দিন কবে ধার্য হবে, সেদিকেই এখন তাকিয়ে ওয়াকিবহাল মহল। দেড় হাজার কোটির এই বিশাল দুর্নীতি মামলার ভবিষ্যত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।